ইয়েমেনে ৫ দিনের যুদ্ধবিরতি শুরু

আপডেট : ১৩ মে ২০১৫, ১৭:৪৮
 
ইয়েমেনে পাঁচ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো নির্বিঘ্ন করতে গত সপ্তাহে সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিয়ে মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। একে স্বাগত জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
 
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগেও সানার কাছে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণে ৬৯ জন প্রাণ হারায়। তার আগে বিদ্রোহীদের ওপর সৌদি নেতৃত্বাধীন জোট প্রায় ২৪ ঘণ্টা ধরে ব্যাপক গোলাবর্ষণ করে।
 
তবে সৌদি নেতৃত্বাধীন জোট হুঁশিয়ার করে বলেছে, হুতি বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পুনরায় তাদের ওপর বিমান হামলা করা হবে। গত ছয় সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীদের ওপর জোটের বিমান হামলা অব্যাহত ছিল।

 
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন নগরীতে মঙ্গলবার গুলিবিনিময়ের শব্দ ধীরে ধীরে একেবারেই থেমে যায়। এ শহরে ইতোপূর্বে সরকারপন্থী বাহিনীর সাথে হুতি ও তাদের মিত্রদের ব্যাপক যুদ্ধ হয়েছে।
 
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে লাজ ও আবইয়ান শহরও শান্ত রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজধানী সানার কাছে মাহরিব ও ধালেহ এলাকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সেখানে আরো সৈন্য ও রসদ পাঠিয়েছে বিদ্রোহীরা। 
 
ইয়েমেনে যুদ্ধের ফলে আটকে পড়াদের কাছে জরুরী ত্রাণ সামগ্রী পাঠানোর সুযোগ করে দিতে পাঁচ দিনের এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে বিভিন্ন সাহায্য সংগঠন তাদেরকে আরো সময় দেয়ার দাবী করেছে। সূত্র: এএফপি