চীন, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মোদি

আপডেট : ১৩ মে ২০১৫, ১৭:৫৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বৃহস্পতিবার বিদেশ সফরে যাচ্ছেন। তিনি চীন, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। খবর বাসস’র।
 
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর জানান, এই সফরের অংশ হিসেবে প্রথমে তিনি জিয়ানে পৌঁছাবেন।
 
সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী মোদি প্রতিনিধি-পর্যায়ে বৈঠকের জন্য বেইজিংয়ে এবং এরপর চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের জন্য সাংহাই যাবেন।
 
তিনি আরো জানান, দু’পক্ষের মধ্যকার এই আলোচনায় সীমান্ত ও বাণিজ্য ঘাটতি প্রাধান্য পেতে পারে।
 
প্রধানমন্ত্রীর এই ছয়দিনের সফরে বাণিজ্য ও পর্যটনসহ বেশ কয়েকটি চুক্তি হতে পারে। তিনি ১৪ থেকে ১৬ মে চীন সফর করবেন। তাকে বহনকারী বিমানটি প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিজ শহর ও শানঝি প্রদেশের রাজধানী জিয়ানে অবতরণ করবে।
 
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর আসন্য বিদেশ সফরের ওপর এক প্রেস ব্রিফিংকালে জয়শঙ্কর আরো বলেন, এ সময় দু’দেশের নেতার মধ্যে এক বৈঠকের পর মোদি জিয়ানের সাংস্কৃতিক নিদর্শনমূলক স্থান পরিদর্শন করবেন।
 
মোদি চীনের সভ্যতা ও ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখবেন বলেও ভারতের পররাষ্ট্র সচিব জানান।
 
সফরকালে মোদি বিখ্যাত চৈনিক পর্যটক জুয়ান জাং অথবা হিউয়েন সাংয়ের স্মৃতি বিজড়িত স্থানে যাবেন। বিখ্যাত এই পর্যটক ভারত সফর করেন।
 
এ ছাড়াও মোদি জিয়ানে ওয়াইল্ড গুস প্যাগোডায় যাবেন। পরে সন্ধ্যায় তিনি বেইজিংয়ে পৌঁছাবেন।
 
মোদির এই সফরে ভারত-চীনের রাষ্ট্রীয় ও প্রাদেশিক নেতাদের ফোরামের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
 
গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসও এ সময় উপস্থিত থাকবেন।
 
বৈঠকের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। টেম্পেল অব হেভেনে ‘তাই চাই’ পরিবেশন করা হবে।