বুরুন্ডিতে সেনাবাহিনীর দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই

আপডেট : ১৪ মে ২০১৫, ১৮:৪৬
বুরুন্ডিতে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর বিবাদমান দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার প্রচণ্ড লড়াই ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের এক একদিন পর সেনাবাহিনীর দুই পক্ষের মধ্যে লড়াই ছড়িয়ে পড়লো। সামরিক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র বাহিনীর ভেতরের গ্রুপগুলো দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। এদের এক অংশ অভ্যুত্থানের পক্ষে এবং আরেক অংশ প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কেন্দ্রের চারদিকে তাদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। সেখানে উভয় পক্ষকে ভারি মেশিনগান ও রকেট ব্যবহার করতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, টেলিভিশন ও বেতার কেন্দ্র এখনো প্রেসিডেন্টের সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে।

সামরিক অভ্যুত্থানপন্থী সূত্র জানায়, বুরুন্ডির সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ব্যবহার করে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে এমন ঘোষণা দেয়ার পর ভোরে বেতারকেন্দ্রের ভবনে হামলা চালানো হয়।
ওই ভবনের ভেতরে থাকা এক সাংবাদিক সেখানে ভোরে প্রচণ্ড লড়াইয়ের খবর নিশ্চিত করেন।

বুরুন্ডির শীর্ষ স্থানীয় জেনারেল সাবেক গোয়েন্দা প্রধান গোডফ্রয়েড নিয়োমবেয়ার বুধবার এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন। প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণার কয়েক সপ্তাহ পর এ অভ্যুত্থান ঘটে।
 
অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট নকুরুনজিজা প্রতিবেশী দেশ তাঞ্জানিয়ায় ছিলেন। পরে অভ্যুত্থানপন্থীরা তাকে দেশে আসতে বাধা দেয়। উল্লেখ্য, অভ্যুত্থান পন্থীরা দেশটির বিমানবন্দর নিজেদের দখলে রেখেছে। সূত্র: এএফপি