শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে ভ্যাটিকান

আপডেট : ১৪ মে ২০১৫, ২০:০৮
 
ফিলিস্তিনের সঙ্গে শিগগিরই একটি চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছে ভ্যাটিকান। ফিলিস্তিনে ক্যাথলিক চার্চ পরিচালনা সংক্রান্ত এই চুক্তিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। খবর- রয়টার্সের।
 
ভ্যাটিকানের এই পদক্ষেপ ইসরাইলের সমর্থকদের দ্বারা সমালোচিত হওয়ায় ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সাল থেকেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র মনে করে ভ্যাটিকান। ফিলিস্তিনের আনুষ্ঠানিক স্বীকৃতি ইসরাইলের সাথে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করে ভ্যাটিকান।
 
রবিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভ্যাটিকানে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটিতে গত দুই শ' বছরে ফিলিস্তিনের খ্রিষ্টান সন্ন্যাসীদের সেইন্টহুড উপাধি দেয়া হবে। চুক্তির বিভিন্ন বিষয় সুনির্দিষ্ট করার কথা নিশ্চিত করা হলেও ঠিক কবে চুক্তিটি স্বাক্ষর হবে সে ব্যপারে সুনির্দিষ্ট কোন তারিখ জানায়নি ভ্যাটিকান।