অবর্ণনীয় দুর্দশায় ভাসমান রোহিঙ্গারা

আপডেট : ১৫ মে ২০১৫, ০১:২৯

থাইল্যান্ডের উপকুলে আন্দামান সাগরে নৌকায় ভাসতে থাকা মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা খাদ্য ও পানির অভাবে ভয়ঙ্কর দুর্দশার মধ্যে আছে যে, তাদের বেঁচে থাকার জন্য নিজেদের মূত্র পান করছে। অবৈধভাবে সমুদ্রপথে এদের থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। থাইল্যান্ড এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর অবস্থান নেয়ার ফলে এরা দুর্দশায় পড়েছে। বিবিসির সংবাদদাতা জনাথান হেড এদের অবস্থা সরেজমিনে দেখতে গিয়েছিলেন।

 
থাইল্যান্ড উপকুলের অদূরে আন্দামান সাগরে মাছ ধরার একটি ট্রলারে তিনি প্রায় সাড়ে তিনশ’ রোহিঙ্গাকে এক সপ্তাহ ধরে খাদ্য ও পানীয়ের অভাবে নিজেদের মূত্র পান করে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে দেখেছেন। ইতোমধ্যে দশজন মারা গেছে। কয়েকদিন আগে নৌকার চালক এবং কর্মচারীরা ইঞ্জিন অকেজো করে পালিয়েছে।
 

সংবাদদাতা জনাথান হেড যখন একটি ইঞ্জিনের জলযানে করে ট্রলারটির কাছাকাছি যান, তখন ট্রলারটি থেকে খাবার এবং পানি চেয়ে লোকজন আকুতি করছিল। সংবাদদাতা বলছেন, তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন লোকজন বোতলে ভরা নিজেদের মূত্র পান করছিল। জনাথান হেডের নিজের জন্য যে পানির বোতল ছিল তিনি সেগুলো ট্রলারটিতে ছুঁড়ে মারেন।