পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকাগুলোতে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার নিরাপত্তা কর্মকর্তারে বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রাদেশিক রাজধানী মিরানশাহ থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকার শাওয়াল জেলার ওয়ারেকা মান্ডি এলাকায় এই অভিযান চালানো হয়।
মিরানশাহের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, বিমান বাহিনীর বিমানগুলো আফগান সীমান্তবর্তী ঘন জঙ্গলে অভিযান চালিয়ে অন্তত ১৭ জঙ্গিকে হত্যা করেছে। এই হামলায় জঙ্গিদের তিনটি কম্পাউন্ড ও পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে।
কর্মকর্তারা জানান, এই অভিযানে নিহতদের মধ্যে উজবেক ও আফগান নাগরিক রয়েছে। এদের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিপিপি)-এর সদস্যরাও রয়েছে।
পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে এক হামলায় ৪৫ সংখ্যালঘু শিয়া ইসমাইলি মুসলিম নিহত হওয়ার দুইদিন পর এই অভিযান চালানো হলো।
