বুরুন্ডিতে অভ্যুত্থানকারীরা গ্রেফতার, দেশে ফিরলেন প্রেসিডেন্ট

আপডেট : ১৫ মে ২০১৫, ১৮:০৮
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজার বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িত তিন জন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র। তবে অভ্যুত্থানের হোতা জেনারেল গোডফ্রয়েড নিয়মবেয়ার এখনো ‘পলাতক’ রয়েছেন বলে ওই মুখপাত্র জানান।
 
অপরদিকে জেনারেল নিয়মবেয়ার তার অনুসারীদের সাথে আত্মসমর্পণ করতে যাচ্ছেন এমন কথা জানিয়ে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি আশা করছি তারা আমাদের হত্যা করবে না।’ উল্লেখ্য, তিনি বুধবার অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সময় তিনি তাঞ্জানিয়ায় ছিলেন। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ায় দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনীর একাংশ।
 
বৃহস্পতিবার অভ্যুত্থান ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর প্রেসিডেন্টের অনুগত অংশের সাথে অভ্যুত্থানপন্থীদের সংঘর্ষে পাঁচ সৈন্য নিহত হয়।
 
দলত্যাগ করা অপর জেনারেল সিরিল নদিরুকি এর আগে স্বীকার করেন যে, প্রেসিডেন্টকে উৎখাতে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছেন। সূত্র: বিবিসি