ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের জঙ্গিরা শুক্রবার কমপক্ষে ২৩ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সিরিয়ার প্রাচীন মরু নগরী পালমাইরার দিকে অগ্রসর হওয়ার সময় তারা এসব নাগরিককে হত্যা করে। খবর এএফপি।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান পালমাইরার কাছে আইএস জঙ্গিদের গুলিতে নিহত এ ২৩ জনের মধ্যে নয়টি শিশু রয়েছে।
পর্যবেক্ষণ গ্রুপের প্রধান আব্দেল রাহমান এএফপিকে বলেন, ‘ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা তাডমোরের উত্তরে আমিরিয়াহ গ্রামে ২৩ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে নয়টি শিশু রয়েছে।’
আব্দেল রাহমান আরো জানান, নিহতদের মধ্যে সরকারি কর্মচারির পরিবারের সদস্যরাও রয়েছেন।
এদিকে সিরিয়ার পালমাইরায় সামরিক শক্তি আরো জোরদারে শুক্রবার সৈন্য পাঠানো হয়েছে।
আব্দেল রাহমান বলেন, ‘সামরিক বাহিনী আকাশ থেকে তাডমোরের আশেপাশে বোমা হামলা চালাচ্ছে। ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা বর্তমানে পালমাইরার এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।
উল্লেখ্য, বুধবার ভোর থেকে আইএসর সাথে সেখানে যুদ্ধ শুরুর পর থেকে মোট ১৩৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৭৩ জন সৈন্য ও ৬৫ জন জিহাদি রয়েছে।
