মিশরে গুলিতে দুই বিচারক ও প্রসিকিউটর নিহত

আপডেট : ১৭ মে ২০১৫, ১২:১৮
 
মিশরের সিনাই উপদ্বীপে বন্দুকধারীদের গুলিতে দুইজন বিচারক ও এক প্রসিকিউর নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এএফপি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিনাইয়ের প্রাদেশিক রাজধানী এল-অরিশে চালানো এই হামলায় কর্মকর্তাদের একজন গাড়িচালকও নিহত হয়েছেন। এছাড়া আরো একজন প্রসিকিউটর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
পুলিশ জানিয়েছে, এল-অরিশের একটি আদালতে শুনানি চলাকালে এই হামলা চালানো হয়।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হোসাম আবদেল গাফফার এএফপিকে বলেছেন, হামলায় দুইজন বিচারক, একজন প্রসিকিউটর ও একজন গাড়িচালক নিহত হয়েছেন। এছাড়া আরো একজন প্রসিকিউটর আহত হয়েছেন।
 
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, হামলায় তিনজন বিচারক নিহত হয়েছেন। শনিবার কায়রোর একটি আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহম্মদ মুরসিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ার পর এই হামলা চালানো হলো। ২০১১ সালে জেলভেঙে গণহারে কয়েদিদের পালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে এই মৃত্যুদণ্ড দেয়া হয়।
 
সিনাই উপদ্বীপে আইএস জঙ্গি সংগঠনের সহযোগী ইসলামি বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর যুদ্ধ চলছে। সেখানে মুরসির কিছু সমর্থক বিদ্রোহীদের সাথে রয়েছে।