সিরিয়ায় পালমিরার দখল নিয়ে ব্যাপক সংঘর্ষ : নিহত ৭৬

আপডেট : ১৭ মে ২০১৫, ২০:৫১
 
সিরিয়ার অন্যতম প্রাচীন পালমিরা নগরীর দখল নিয়ে ইসলামিক স্টেট(আইএস) ও সরকারি সমর্থক বাহিনীর লড়াইয়ে ৭৬ জন মারা গেছে। রবিবার আইএস-এর একটি গ্রুপ শহরটি দখলে নিতে হামলা চালালে সরকারি ও মিলিশিয়াদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে জঙ্গি সংগঠনটি।
 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, উত্তরাঞ্চলীয় তাদমুর নগরী সংলগ্ন এলাকায় শনিবার রাতে ইসলামিক স্টেট হামলা চালালে অন্তত ৪৭ জন সরকার অনুগত সৈন্য এবং ২৯ জিহাদি নিহত হয়। ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থানটির কাছে এসময় প্রবল গুলিবিনিময় হয়।
 
তবে তাৎক্ষণিকভাবে প্রাচীন নগরীটির সড়ক বা এর মন্দিরগুলোর কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাচীন এ শহরটির মন্দিরগুলো খ্রিষ্টিয় প্রথম ও দ্বিতীয় শতকে নির্মিত।
 
সিরিয়ার পুরাকীর্তি প্রধান মামুন আবদুল করিম পালমিরা নগরী ও এর সংলগ্ন জাদুঘর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরাকের নমরুদ ও হাতরায় আইএস-এর ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি খুবই আতঙ্কের মধ্যে আছি। আইএস সবকিছু উড়িয়ে দেবে। তারা সবকিছু ধ্বংস করে দেবে।’ সূত্র: এএফপি