কয়েকদিনের টানা সংঘর্ষের পর ইরাকের সরকারি সেনাদের পরাস্ত করে রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রামাদি থেকে ইরাকের সরকারি সৈন্য প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে আইএস বিজয় ঘোষণা করেছে।
তবে, এই খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, আইএস যদি রামাদি দখলে নিয়ে থাকলেও এটা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না।
অবশ্য রামাদি শহরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কেননা, এটি ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবারের রাজধানী। রাজধানী বাগদাদ থেকে এর দূরত্ব মাত্র ১১২ কিলোমিটার। পশ্চিমে রাজধানী বাগদাদ থেকে সিরিয়ার সীমান্ত এবং ইরাকের সাথে জর্ডান ও সিরিয়ার সংযোগ পথ এই প্রদেশেই পড়েছে।
রবিবারও রামদিতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আনবার কাউন্সিল-এর প্রধান সহকারী ফালেহ আল-লাসাউই জানিয়েছেন, গত দুই দিনের সংঘর্ষে রামাদিতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন।
