যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতিদ্বন্দ্বী কয়েকটি বাইকার গ্যাংয়ের গোলাগুলিতে নয়জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সময় দুপুরের পর টেক্সাসের ওয়াকো শহরের ব্যস্ত বিপণী এলাকায় টুইন পিকস স্পের্টস বার অ্যান্ড গ্রিল নামের একটি রেস্তোরাঁর সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর বিবিসি’র।
স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ানটন জানান, মারামারি শুরু হয় ঘোষাঘুষি দিয়ে। এরপর চেইন, গদা, ছুরি এবং শেষ পর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রুপগুলো রীতিমতো যুদ্ধ বাধিয়ে দেয়। আমার ৩৪ বছরের পুলিশের চাকরিতে এমন ঘটনা আমি খুব বেশি দেখিনি, বলেন তিনি। সার্জেন্ট সোয়ানটন জানান, গোলাগুলি শুরুর পর পুলিশ সেখানে অবস্থান নেয় এবং অস্ত্রসহ অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাইকারদের এসব গ্যাং খুবই ভয়ঙ্কর। আজ বহু নিরীহ মানুষ হয়তো আহত হয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা সরে গিয়ে শহরের অন্য কোথাও আবারও সংঘর্ষে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
