মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের সামরিক অস্ত্র ব্যবহার সীমিত করার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস গতকাল সোমবার জানিয়েছে, পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের হত্যার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট ওবামা তার নির্বাহী ক্ষমতাবলে এ সংক্রান্ত আদেশ জারি করবেন। গতকাল তিনি নিউ জার্সির ক্যামডেন সফর করেন। সেখানে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক তৈরির ওপর জোর দেন। গত আগস্টে ফার্গুসনে কৃষ্ণাঙ্গ যুবক মাইকেল ব্রাউন শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হন। এরপর সাউথ ক্যারোলিনায় নিহত হয় ওয়াল্টার স্কট নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। গত মাসে বাল্টিমোরে পুলিশের হেফাজতে মারা যায় ২৫ বছর বয়সী ফ্রেডি গ্রে। এর ফলে জনগণ ক্ষোভে ফুঁসে ওঠেন।
