অভিবাসীদের সাহায্য করবে ফিলিপাইন

আপডেট : ১৯ মে ২০১৫, ১৮:১৬
সাগরে ভাসমান অভিবাসীদের সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছে ফিলিপাইন। এর আগে অসহায় অভিবাসীদের সহযোগিতা করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি জাতিসংঘ আহ্বান জানালেও বড় প্রতিবেশী দেশগুলোর দিক থেকে সাড়া না পাওয়ার পর এগিয়ে আসার ইঙ্গিত দিলো ফিলিপাইন।
 
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড অভিবাসীদের বহনকারী নৌকাগুলো ফিরিয়ে দেয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকে রয়েছে সাগরে ভাসমান হাজার হাজার অভিবাসী।
 
সাগরে ভাসমান অভিবাসীদের ফিরিয়ে দেয়া হতে পারে, স্থানীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর তা নাকচ করে দিয়ে ম্যানিলা জানিয়েছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
 
প্রেসিডেন্ট বেনিয়াগো একুইনোর মুখপাত্র জানিয়েছেন, 'জাতিসংঘ কনভেনশন অনুযায়ী অভিবাসীদের জীবন রক্ষা করতে আমাদের ওপর অর্পিত নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব।'
 
তিনি আরো জানান, ফিলিপাইন 'নৌকার লোকদের' জন্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেমনটি '৭০ এর দশকে করেছিল ভিয়েতনামের মানুষদের জন্য।
 
অপরদিকে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ সাগরে ভাসমান অভিবাসীদের কোনো রকম সাহায্য না করতে দেশটির জেলেদের নির্দেশ দিয়েছে। এমনকি সাগরে ডুবতে দেখলেও তাদেরকে তীরে না তুলতে নির্দেশ দেয়া হয়েছে বলে দেশটির জেলেদের বরাত দিয়ে জানিয়েছিল বিবিসি। 
 
ধারণা করা হচ্ছে, কয়েক হাজার অভিবাসী দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে সাগরে ভাসছে। থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই অভিবাসীদের বহনকারী নৌকাগুলো তীরে ভিড়তে দিচ্ছে না। অথচ জাতিসংঘ এর আগে খাবার ও পানির তীব্র সংকটে থাকা এসব অভিবাসীকে তীরে ভিড়তে দেবার আহ্বান জানিয়েছিল। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান