মালয়েশিয়াকে শরণার্থী সংস্থার সহযোগিতার প্রস্তাব

আপডেট : ১৯ মে ২০১৫, ২২:৪৫
 
অভিবাসী সমস্যা সমাধানে মালয়েশিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।  সাগরে ভাসমান হাজার হাজার অভিবাসীর জন্য দেশটি তার দরজা বন্ধ করে দেয়ার ঘোষণার পর এই সহযোগিতার প্রস্তাব দিলো সংস্থাটি।
 
ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসীদের সহযোগিতা করার জন্য তারা মালয়েশিয়ার মাধ্যমে চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
 
অপর দিকে, জাতিসংঘের আহ্বানের পরও থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াও অভিবাসীদের সহযোগিতা না করার ব্যাপারে অটল রয়েছে। দেশ তিনটি এর আগে তাদের উপকূল থেকে অভিবাসী-বাহী নৌকা সাগরে ফিরিয়ে দিয়েছে। এমনকি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ অসহায় অভিবাসীদের কোন রকম সাহায্য না করতে দেশটির জেলেদের নির্দেশ দিয়েছে।
 
গত কয়েক বছরে মালয়েশিয়া ৪৫ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি ইন্দোনেশিয়ায় পৌঁছানো রোহিঙ্গাদের তালিকা করার কাজ শুরু করেছে। তারা জানিয়েছে, অভিবাসী-বাহী নৌকা সাগরে ঠেলে দেয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। সূত্র: বিবিসি