সাইবেরিয়ায় একটি ভল্লুক এক নারীর ওপর হামলা চালিয়ে আহত করেই কেবল শান্ত হয়নি, ওই নারীকে মাটি চাপাও দেয় ভল্লুকটি। রাশিয়ার গণমাধ্যম এই খবর জানিয়েছে।
নাতানিয়া পেস্তারনেক তার কুকুর নিয়ে বনের মধ্যে গাছের রস সংগ্রহ করছিলেন। এ সময় তার কুকুরটি ঘেউ ঘেউ শব্দ করে। এই শব্দ শুনতে পায় ভল্লুকটি এবং এসে প্রথমেই কুকুরটির ওপর হামলার করে। কুকুরটিকে মেরে ফেলার পর ৫৫ বছর বয়সী পেস্তারনেকের ওপরও হামলা চালায় ভল্লুক এবং তার পাকস্থলি, পা এবং মাথায় ব্যাপক আঘাত করে। কুকুরের দেহ খাওয়ার পর নারীকে মাটি চাপা দেয় ওই নৃশংস প্রাণীটি।
ওই সময় পেস্তারনেকের এক বন্ধুও সঙ্গে ছিল। কিন্তু তিনি কিছু না করতে পেরে পালিয়ে যান। এরপর তিনি জরুরি বিভাগকে খবর দেন। বিভাগের উদ্ধারকর্মীরা এসে ওই নারীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। ভাগ্যক্রমে বেঁচে যান পেস্তারনেক।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীকে পরে খাওয়ার জন্যই মাটি চাপা দেয় ভল্লুকটি। এরপর পুলিশ সেখানে গিয়ে ভল্লুকটিকে গুলি করে এবং ধরে ফেলে। জ্ঞান ফেরার পর ওই নারী উদ্ধারকর্মীদের জিজ্ঞাসা করেন, ভল্লুকটিকে কি মারা হয়েছে? -স্কাই নিউজ
