ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে তাদের উদ্ধার করা হয়। এছাড়া আরো ৪০০ অভিবাসীকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা খায়রুল নোভা বলেছেন, উদ্ধার হওয়া অভিবাসীরা আচেহ প্রদেশর কুতা বিনজে শহরে নেমেছেন। এছাড়া ৪০০ জনের মতো অভিবাসীকে সাগরে ভাসতে দেখা গেছে। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
কুয়ালালামপুরে মানবিক বিপর্যয় নিয়ে একটি জরুরি বৈঠক করার পর এই উদ্ধার অভিযান পরিচালনা করা হলো। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মন্ত্রীরা এই বৈঠক করেন।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজন এপিকে জানিয়েছেন, তারা চারমাস ধরে সাগরে ভাসছেন। তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ক্যাপ্টেন পালিয়ে গেছে।
উন্নত জীবনের আশায় বাংলাদেশি ও রোহিঙ্গারা অভিবাসনের প্রত্যাশায় সাগরে পাড়ি দিচ্ছে। সাগরে থাকা এসব অভিবাসীদের অনেকেই মারা গেছেন এবং যারা বেঁচে আছেন তারাও সংকটে আছেন। সূত্র: রয়টাস ও বিবিসি।
