প্রযুক্তি চুরি: ৬ চীনা নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ মে ২০১৫, ১২:১৬
 
মোবাইল ফোনে ব্যবহৃত হয় এমন প্রযুক্তি চুরির অভিযোগে চীনের ছয়জন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ঐ তথ্য চুরি করে চীনের প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য তাদের বিরুদ্ধে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে একজন চীনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। হাও জিয়াং নামের ঐ অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। বাকিরা সবাই এখন চীনে রয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এক দশকেরও আগে চুরির প্রক্রিয়াটি শুরু হয়েছিল।
 
আইনজীবীরা বলছেন, অভিযুক্তরা প্রথমে যুক্তরাষ্ট্র থেকে ‘ফিবার’ নামের একটি প্রযুক্তি চুরি করে, যা মোবাইল ফোনগুলোকে অনাকাঙ্ক্ষিত সংকেত থেকে রক্ষা করে। পরে তারা চীনে একটি কোম্পানি তৈরি করে ঐ প্রযুক্তিতে যন্ত্রাংশ উত্পাদন শুরু করে।
 
আদালতে অভিযোগ প্রমাণিত হলে তাদের বেশ কয়েক বছর কারাদণ্ড হতে পারে।
 
চীনের বিরুদ্ধে প্রায়ই অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগ করে যুক্তরাষ্ট্র।