আইএসের বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবক চেয়েছে ইরাক

আপডেট : ২০ মে ২০১৫, ১২:৩০
 
রামাদি শহর পুনর্দখল সহায়তা করা ও ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য স্বেচ্ছসেবক চেয়ে আহ্বান জানিয়েছে ইরাক। বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
ইরাকি মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, আনবার প্রদেশের পশ্চিমে লড়াইরত সরকারি বাহিনীগুলোতে যোদ্ধা স্বল্পতার কারণে স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
 
রবিবার রামদি শহর আইএসের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর সেখান থেকে হাজার হাজার অধিবাসী শহর ছেড়ে পালাতে শুরু করেছে।
 
 
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আবাদি বলেছেন, রামাদিতে আইএসের হামলার মুখে সরকারি বাহিনীর যেসব সেনা পালিয়ে গেছেন তাদের বিচার করা হবে।
 
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, ইরাকের স্থানীয় স্থলবাহিনীকে কিভাবে সর্বোচ্চ সমর্থন যোগানো যায় তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।