ভারতে অসমবর্ণ প্রেমের জেরে নগ্ন করা হল পাঁচ নারীকে

আপডেট : ২০ মে ২০১৫, ১৪:৫৭


ভারতের উত্তরপ্রদেশের গ্রামীণ জনপদে আজও জাতপাতের লড়াই আর নিচু জাতের ওপর অত্যাচার কোনও বিরল ঘটনা নয়। শাহজানপুর জেলার জালালাবাদের কাছে রবিবার যে ঘটনাটি ঘটেছে সেই নির্যাতন ছিল শিউরে ওঠার মতো। ওই গ্রামের অন্তত পাঁচজন দলিত মহিলা অভিযোগ করেছেন, তাদের তুলনায় উঁচু জাতের কাশ্যপ সমাজের অন্তত পনেরো জন নারীপুরুষ ওইদিন সকালে তাদের ওপর চড়াও হয়। তারপর তাদের কাপড় চোপড় খুলে নিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। মারা হয় বেতের বাড়িও, আর বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এই নির্যাতন। তাদের অপরাধ, দলিত সমাজের একটি ছেলে কাশ্যপদের একটি নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশা রাম জানান, ওই মেয়েটির মা এবং অন্য আত্মীয়রা এসে ছেলেটির মা-চাচিদের ওপর হামলা চালায়। তাদের মারধর করা হয়, শাড়ি ও কাপড় চোপড় খুলে নেয়া হয়।

তবে তিনি বলেন, পুরো নগ্ন করে ঘোরানোর বিষয়টি ঠিক নয়। পুলিশের এই বক্তব্যের সঙ্গে অবশ্য পুরো একমত নন শাহজাহানপুরের নির্বাচিত জনপ্রতিনিধি কৃষ্ণা রাজ।

তিনি বলেন, তারা ঘটনার তদন্তে যে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন তারা এসে রিপোর্ট দিয়েছেন দলিত মহিলাদের অবশ্যই নগ্ন করে ঘোরানো হয়েছিল।

উত্তরপ্রদেশের পুলিশ প্রধান অরবিন্দ কুমার জৈন ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।