ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ছবিগুলো ভুয়া বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। ছবিগুলো দেশটির ন্যাশনাল প্রোপাগান্ডিস্টদের বানানো বলেও দাবি করেন অ্যাডমিরাল জেমস ওয়াইনফেল্ড। তার মতে এধরণের প্রযুক্তি অর্জন করতে দেশটিতে এখনো অনেক বছর অপেক্ষা করতে হবে।
ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় গত ৯ মে পানির নিচে থাকা ডুবোজাহাজ থেকে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া। এসময় দেশটির প্রেসিডেন্ট কিম জং উন কাছের একটি জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছেন এমন ছবিও প্রকাশ করে উত্তর কোরিয়া।
কিন্তু ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক সম্মেলনে অ্যাডমিরাল জেমস ওয়াইনফেল্ড বলেছেন, “ডু্বোজাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার প্রযুক্তি অর্জন করা থেকে পিয়ইয়ং এখনো অনেক বছর পিছিয়ে আছে।”
“তাদের চালাক ভিডিও এডিটররা ও তাদের প্রচারণাকারীরা যতদূর দেখিয়েছে ততদূর তারা যায়নি” সূত্র: রয়টার্স
