শনিবার মুখ্যমন্ত্রী পদে ফিরছেন জয়ললিতা

আপডেট : ২১ মে ২০১৫, ০১:২১

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা আগামী শনিবার আবারো ক্ষমতা গ্রহণ করতে পারেন। ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া আন্না দ্রাভিডা মুন্নেত্রা কাঝাগাম (এইএডিএমকে) পার্টির মুখপাত্র সি আর সরস্বতী জানিয়েছেন, আগামী শনিবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন জে জয়ললিতা। খবর এনডিটিভি’র।

 

প্রায় আট মাস আগে দুর্নীতির দায়ে তিনবারের মুখ্যমন্ত্রী, ৬৭ বছর বয়সী জয়ললিতা মেয়াদের মধ্যবর্তী সময়েই পদত্যাগ করতে বাধ্য হন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি অবৈধভাবে ৫০ কোটির বেশি সম্পদ অর্জন করেছেন। এ মাসের শুরুর দিকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পান তামিলনাড়ুর জনপ্রিয় এই নেত্রী। দুর্নীতির বোঝা কাঁধে নিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হলেও দলের নেতাকর্মীদের কাছে তার জনপ্রিয়তা কমেনি একবিন্দুও। জনগণের কাছে ‘আম্মা’ নামে পরিচিত জয়ললিতা আগামী শুক্রবার জনসাধারণের সামনে আসবেন। ঐ দিন সকালে দলের ১৫০ জন আইনপ্রণেতা তার সাথে দেখা করবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।