জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশকে সহায়তা দিতে হবে: প্যারিসে পরিবেশ মন্ত্রী

আপডেট : ২১ মে ২০১৫, ০১:২৭

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার প্যারিসে অনুষ্ঠিত ব্যবসা এবং জলবায়ু শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ফ্রান্সের পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে।

 
সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের নেতৃত্ব দিচ্ছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভািগ, বিভিন্ন বেসরকারি সংস্থা, গবেষক এবং আন্তর্জাতিক মহল এ কাজে যথেষ্ট সহায়তা করছে।
 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা বৈশ্বিক। সে হিসেবে সবাইকে সমন্বিতভাবে এ সমস্যা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, পরিবেশ দূষণের প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করতে ব্যবসায়ী সমাজ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে   পারে। বিশেষ করে কার্বন নি:সরনের হার কমাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
আনোয়ার হোসেন মঞ্জু জলবায়ু পরিবর্তনের ফলে যে অবৈধ অভিবাসন হচ্ছে তা ঠেকাতে বাংলাদেশে আরো বেশি বেশি বিনিয়োগের জন্য ব্যবসায়ী সমপ্রদায়ের প্রতি আহ্বান জানান।
 
বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার লক্ষ্যে বেসরকারি খাত কি ভূমিকা রাখতে পারে তার উপায় বের করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 

মূল সম্মেলন ছাড়াও আনোয়ার হোসেন মঞ্জু প্যারিসে সেখানকার প্রতিবেশ এবং টেকসই উন্নয়ন বিষয়ক মন্ত্রী সিগোলিন রয়্যাল এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী লরেন্ট ফাবিউসের সাথে বৈঠক করেন।