নিউজিল্যান্ডে হিমবাহে চাপা পড়ার চার দশক পর এক পর্বতারোহীর মৃতদেহ আনুষ্ঠানিকভাবে সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়ে বলেছে, ১৯৭৩ সালের সেপ্টেম্বরে তুষার ধসে ডেভিড এরিক মোয়েন (১৯) নামের ওই পর্বতারোহী চাপা পড়ে। সাউথ আইল্যান্ডের দুর্গম তাসমান হিমবাহে এ ঘটনা ঘটে। ওই সময়ে তার সন্ধানে উদ্ধারকারী দলের সদস্যদের তল্লাশি অভিযান ব্যর্থ হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে ওই এলাকায় মানুষের মৃতদেহ পাওয়া গেছে। এরপর ডিএনএ পরীক্ষার জন্য মৃতদেহটি নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, পরীক্ষার পর জানা গেছে যে মৃতদেহটি মোয়েনের। বরফে চাপা পড়ায় ৪২ বছর পরও মৃতদেহটি প্রায় অক্ষত রয়েছে।
মোয়েনের বাবা-মা দুজনেই মারা গেছেন। তার বাবা মৃতদেহটি উদ্ধারের মাত্র কয়েক মাস আগে মারা যান। তবে তার পরিবারের অন্যান্য সদস্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পুলিশ জানায়, আরো একজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। একে সনাক্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মার্চ মাসে হোচটেটার হিমবাহের কাছে একে পাওয়া গিয়েছিল। তবে এতে ‘কিছুটা সময় লাগতে পারে।’ -এএফপি
