বাঘের হিংস্রতার কথা সবারই জানা। তার সামনে পড়লে কেউ বেঁচে যাবে এই আশা ছেড়ে দেন মোটামুটি সবাই। কিন্তু আশা ছাড়েননি চীনে লড়াইয়ে কুং ফু খ্যাতি পাওয়া সারস পাখি। বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে গিয়ে ইতিহাস সৃষ্টি করেছে পাখিটি।
চীনের জিনজিয়াং প্রদেশে গত মঙ্গলবার প্রচণ্ড বাতাসের কারণে ফুয়াং ওয়াইল্ড লাইফ পার্কে একটি সারস উড়ে এসে পড়ে। পড়বি তো পড় বাঘের খাঁচায়। বাঘও তাকে পেয়ে মহা খুশি। ক্ষুধার্ত বাঘ তার ওপর আক্রমণ চালালো। একটা নয়, দুটি বাঘ একসঙ্গে! কিন্তু ছাড়ার মতো দুর্বল পাখি নয় সারস। তাই সেও লড়াই চালিয়ে গেল। লড়াইয়ের এই দৃশ্য সবাই দেখছিলেন এবং একই সঙ্গে ভিডিও করছিলেন। এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সারস পাখিটিকে উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সারস সামান্য আহত হয়েছে। বাঘ-সারস লড়াইয়ের এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। -মিরর নিউজ
