নেদারল্যান্ডসে নারীদের নেকাব দিয়ে মুখ ঢেকে রাখাকে আংশিকভাবে নিষিদ্ধ হচ্ছে। স্কুল, হাসপাতাল ও গণপরিবহনসহ কয়েকটি জায়গায় নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। প্রস্তাব অনুযায়ী আইন ভঙ্গ করলে ৪০৫ ইউরো জরিমানা গুনতে হবে। খবর-বিবিসির।
তবে পথে চলার সময় নেকাব পড়ার বিষয়টি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করার পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, 'মুখ-ঢাকার পোশাক ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি ভবন, এবং গণপরিবহনে গ্রহণযোগ্য হবে না।'
এর আগে ২০১২ সালে দেশটির সরকার বোরকা নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল। তবে তা সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে সমালোচনার পর আর বাস্তবায়ন করা হয়নি।
