‘বিচার না হওয়ায় যৌন নিপীড়নের ঘটনা ঘটছে’

আপডেট : ২৩ মে ২০১৫, ১৯:১৫
 
 
ধর্ষণ-নিপীড়নের কোনো বিচার না হওয়ায় অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, একের পর এক ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। উল্টো নিপীড়নের বিচারপ্রার্থীদের আক্রান্ত হতে হচ্ছে।
 
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ কথা বলেন।
 
বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্রের উস্কানি ও মদদে ধর্ষকরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষক-নিপীড়কদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে কি সরকার দেশকে ধর্ষক-নিপীড়কদের ‘অভয়ারণ্যে’ পরিণত করতে চায়?
 
বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক লড়াই তীব্র করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।