আফগানিস্তানে তালেবান হামলায় ৫ পুলিশ নিহত

আপডেট : ২৪ মে ২০১৫, ১৮:৪৬
 
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের পুলিশ চেকপোস্টে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। রবিবার প্রাদেশিক কর্মকর্তারা একথা জানান।
 
জঙ্গিরা হেলমান্দ প্রদেশের গোলযোগপূর্ণ সানগিন এলাকার বেশ কয়েকটি চেকপয়েন্টে হামলা চালায়।
 
প্রাদেশিক পুলিশ প্রধান নবী জান মুল্লাহ্খিল বলেন, ‘এই ঘটনায় ৫ আফগান পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন।’
 
তিনি আরো বলেন, তালেবান জঙ্গিদের প্রতিহত করতে ঘটনাস্থলে আরো পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এই সংঘর্ষে জঙ্গিরাও হতাহত হয়েছে।
প্রাদেশিক গণস্বাস্থ্যের প্রধান কর্মকর্তা এনায়েতুল্লাহ জাফরি বলেন, শনিবার রাতের সংঘর্ষের পর লস্কর গাহ হাসপাতালে ৫ পুলিশ কর্মকর্তার মৃতদেহ আনা হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত ৮ পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
এদিকে তালেবান তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, তারা তিনটি পুলিশ চেকপয়েন্ট দখল করে নিয়েছে এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। সূত্র: এএফপি