থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকার কাছে ১৩৯ কবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর। সেখানে অভিবাসীদের লাশ থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের খালিদ এই তথ্য জানান।
পুলিশের মহাপরিদর্শক জানান, গত ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত অভিযান চালিয়ে এসব কবর পাওয়া গেছে। কোনো কোনোটিতে একের অধিক লাশ রয়েছে। গণকবরের পাশাপাশি ২৮টি সন্দেহভাজন মানবপাচার শিবিরেরও সন্ধান পাওয়া গেছে। এগুলো মালয়েশিয়ার সীমান্তের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত।
তিনি আরো জানিয়েছেন, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া যে গণকবর পাওয়া গেছে তার থেকে ১০০ মিটার দূরে মালয়েশিয়ার সীমানার মধ্যে একটি কবরের সন্ধান পাওয়া গেছে। আজ সকাল থেকে লাশ তোলা হবে বলে জানিয়েছে খালিদ।
থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে ২৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এর কাছেই একটি মানবপাচার শিবিরের সন্ধান পাওয়া গিয়েছিল। সূত্র: রয়টার্স।
