কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল সড়কটি বর্তমানে কর্ণফুলী নদী ভাঙ্গনের একেবারে কাছে চলে এসেছে। প্রতিনিয়ত নদী ভাঙ্গনের ফলে সড়কটি এখন হুমকিতে পড়েছে। সড়কের পাশের মাটি অনেক আগেই নদীতে ভেঙ্গে পড়েছে। রাস্তার কিছু কিছু অংশ এখন শূন্যে ঝুলে আছে। এ অবস্থায় সড়কে সব ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কিন্তু চরম ঝুঁকি থাকলেও প্রতিদিন এই সড়কে শত শত যানবাহন চলাচল করছে। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সামনের ফটকের একেবারে কাছেই মূল সড়ক রয়েছে। ওই সড়কের পাশেই ভাঙ্গন শুরু হয়েছে।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মারমা বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাঝে মাঝে সড়ক সংস্কার করা হয়। তবে কাজটি ব্যয়বহুল। এ কাজ করতে বড় বাজেট করতে হবে। সড়ক সংস্কারের জন্য জেলা পরিষদে লিখিত আবেদন করেছেন বলেও তিনি জানান।
