অনশন করবেন ভেনিজুয়েলার কারাবন্দী নেতা

আপডেট : ২৫ মে ২০১৫, ২১:৪৫
 
কারাগারে আটক ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজ ‘রাজনৈতিক বন্দীদের মুক্তির’ দাবিতে অনশন করার ঘোষণা দিয়েছেন। কারাগার থেকে ফাঁস হওয়া এক ভিডিও ফুটেজের মাধ্যমে দেয়া ওই ঘোষণায়  তিনি সেন্সরশিপ বন্ধ এবং সরকারকে পার্লামেন্ট নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করারও আহ্বান জানান।
 
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের কাছে রেমো ভার্দে কারাগারে লোপেজের কক্ষে ওই ভিডিওটি ধারণ করা হয়। একটি সাদা জামা এবং ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি পরিহিত লোপেজ বলেন, তার গ্রেপ্তারের পর থেকে ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকট আরো খারাপ হয়েছে। ‘শান্তি এবং গণতন্ত্রের জন্য’ ভেনিজুয়েলার জনগণকে আগামী শনিবার একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। 
 
লোপেজ বলেন, ‘আমরা একটি বিক্ষোভ আহ্বান জানাচ্ছি। আগামী শনিবার ভেনিজুয়েলার রাস্তায় কোনো ধরনের সহিংসতা ছাড়া একটি শক্তিশালী, বৃহৎ, শান্তিপূর্ণ বিক্ষোভ হবে।’ 
 
ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গত বছর বিক্ষোভের সময় সহিংসতায় উস্কানি দেয়ার জন্য লোপেজকে অভিযুক্ত করা হয়। সেই সময় উভয়পক্ষের রাজনৈতিক বিভক্তিতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হন। সরকারের অভিযোগ, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়া ওই বিক্ষোভে লোপেজ সরকারি ভবন ভাংচুর করতে বিক্ষোভাকারীদের উস্কানি দেন।
 
এর কিছুদিন পর তার তাকে গ্রেফতার করা হয়। সূত্র: বিবিসি