আইএস'র কারণে হুমকির মুখে বিরল প্রজাতির পাখি

আপডেট : ২৫ মে ২০১৫, ২২:০১
 
সিরিয়ার প্রাচীন শহর পালমিরা ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিদের নিয়ন্ত্রণে যাওয়ার ফলে হুমকির মুখে পড়েছে একটি বিরল প্রজাতির পাখি। আশঙ্কা করা হচ্ছে, পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে নর্দার্ন বল্ড আইবিস প্রজাতিটি। খবর- বিবিসির।
 
২০০২ সালে শহরটির কাছে বিলুপ্তপ্রায় নর্দার্ন বল্ড আইবিস পাখির একটি ছোট প্রজনন কলোনি পাওয়া যায়। তার পর থেকেই সংরক্ষণ করা হচ্ছে প্রজাতিটির শেষ কয়েকটি পাখিকে। তবে গত সপ্তাহে শহরটিতে আইএস জঙ্গিদের হামলার মুখে সংরক্ষিত তিনটি পাখিকে রেখে দ্বাররক্ষীরা পালিয়ে গেছেন। এরপর পাখিগুলোর কি হয়েছে তা আর জানা যায়নি।
 
নিরুদ্দেশ অপর একটি পাখির সংবাদ প্রদানের জন্য ১০০০ ডলার পুরস্কার ঘোষণা করেছেন কর্মকর্তারা।
 
লেবাননের একটি প্রাণী বৈচিত্র সংরক্ষণ সংগঠন বিবিসিকে বলেছে, জেনোবিয়া নামের একটি স্ত্রী-পাখির খোঁজ পাওয়া এখন খুবই জরুরী। এই প্রজাতির পাখিরা শীতকালে তাদের অবস্থান পরিবর্তন করে এবং ইথিওপিয়ায় গিয়ে আশ্রয় নেয়।
 
জোনেবিয়াই এই প্রজাতির একমাত্র পাখি যে ইথিওপিয়া যাবার সেই রাস্তাটি চেনে এবং তাকে ছাড়া অন্যান্য বন্দী পাখিগুলোকে ছাড়া সম্ভব হবে না।
 
পাখি বিশেষজ্ঞরা বলছেন, পাখিগুলোকে ছাড়া সম্ভব না হলে সিরিয়ায় প্রাকৃতিক পরিবেশে তারা বিলুপ্ত হয়ে যাবে।
এর আগে ধারণা করা হচ্ছিল ঐ পাখিটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু ১৩ বছর আগে পালমিরার কাছে এই প্রজাতির সাতটি পাখির একটি বসতি খুঁজে পাওয়া যায়।
 
তবে সংরক্ষণ করার পরও বর্তমানে তাদের মধ্যে মাত্র চারটি বন্য পাখিই অবশিষ্ট ছিল।