পাকিস্তানে দাউদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি ভারতের

আপডেট : ২৬ মে ২০১৫, ০৯:৪১


মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকা সম্পত্তি বাজেয়াপ্তের জন্য ইসলামাবাদের কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দাউদ ছাড়াও ভারত-বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হাফিজ সইদ ও জাকিউর রহমান লকভির ক্ষেত্রেও একই অনুরোধ জানানোর কথা ভাবছে দিল্লি। -আনন্দবাজার পত্রিকা।

ভারত জানিয়েছে, ওই তিনজনকে জঙ্গি হিসাবে চিহ্নিত করে বাধানিষেধ জারি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তাই জাতিসংঘের সদস্য দেশ হিসেবে পাকিস্তানের উচিত সে দেশে ওই তিনজনের নামে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করা। যাতে এসব জঙ্গিরা সন্ত্রাসী কাজে এই তহবিল ব্যবহার না করতে পারে। অন্যদিকে সন্ত্রাস ছাড়াও জাল নোট ঢুকিয়ে ভারতের অর্থনীতিকে দুর্বল করার জন্য পাকিস্তান ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেও ফের ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

দাউদ কোথায় এ নিয়ে ভারতীয় পার্লামেন্টে সাম্প্রতিক বিতর্কের পরেই তাঁর অবস্থান জানতে একটি বিশেষ দল গঠন করে সরকার। ধারণা করা হয় দাউদ করাচিতে ঘাঁটি গেড়ে থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে তাঁর নতুন ঠিকানা রাওয়ালপিন্ডি। যদিও পাকিস্তান প্রথম থেকেই অস্বীকার করে আসছে যে দাউদ পাকিস্তানে রয়েছে। কিন্তু দাউদ প্রশ্নে ফের পাকিস্তানের উপর চাপ বাড়ানোর  কৌশল নিয়েছে ভারত।