ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাফল্যে উ. কোরীয় নেতার অভিনন্দন

আপডেট : ২৬ মে ২০১৫, ১৮:৩৭
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষার সাফল্যের প্রশংসা করেছেন। দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষায় ভূমিকা পালনকারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মানে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করেন কিম। সেখানে তিনি ‘বিস্ময়কর’ ও ‘ঐতিহাসিক’ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য এর সাথে যুক্তদের অভিনন্দন জানান। 
 
তবে, ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ছবিগুলো 'ভুয়া' বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা। ছবিগুলো দেশটির ন্যাশনাল প্রোপাগান্ডিস্টদের বানানো বলেও দাবি করেন তিনি। তার মতে এধরণের প্রযুক্তি অর্জন করতে দেশটিতে অনেক বছর অপেক্ষা করতে হবে।
 
গত ৯ মে শনিবার এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর খবর দিয়েছিল দেশটি। জানানো হয় পাশের একটি জাহাজ থেকে কিম জং উন স্বচক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। সূত্র: এএফপি ও রয়টার্স