রাজধানীর নিকুঞ্জে ঘরের ভেতর গৃহবধূর রক্তাক্ত লাশ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার কুদরত-ই-খুদা জানিয়েছেন।
রাজধানীর নিকুঞ্জে নিজ ঘরে নিমা ইসলাম (৩৯) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার বিকালে নিকুঞ্জ-১ এর লেক ড্রাইভ সড়কের ২৪ নম্বর বাড়ি থেকে আইনজীবী স্ত্রী নিমার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
জানা গেছে, রকিবুল ইসলামের স্ত্রী নিমা বাসায় একা ছিলেন। বিকাল সাড়ে পাঁটটার দিকে রকিবুল বাসায় এসে কলাপসিবল গেইট বন্ধ পায়। বাসায় কলিং বেল এবং মোবাইলে ফোন করার পরও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথ দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে চার তলায় উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে শোবার ঘরে স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন। রকিবুলের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিশ্চিতভাবে বলা যাচ্ছে, বাসায় ঢুকে কেউ তাকে হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ড সম্পর্কে বলা যাবে।
