সম্প্রতি ভারতের মুম্বাইয়ে বাড়তে থাকা ধর্ষণ ঠেকাতে কয়েকটি এলাকায় পাঁচ জন গৃহবধূকে গোয়েন্দা হিসেবে নিয়োগ করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের হয়ে কাজ করা এই গৃহবধূদেরকে 'আন্ডারকাভার কপ' নাম দিয়েছে মুম্বাই পুলিশ।
তাদের কাজ হবে এলাকার অসচ্চরিত্র, প্রলোভনকারী, মাতাল, মাদক সেবী, সমাজ-বিরোধী এবং সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করা এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া। গত শনিবার থেকে ওই বিশেষ টিম নিজেদের কাজ শুরু করেছে।
ভারতের এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, গত এক বছরে মুম্বাইয়ের দুটি এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। কোনভাবেই যখন দুষ্কৃতীদের ঠেকানো যাচ্ছিল না তখন তাদেরকে ধরতে এক অভিনব পন্থা অবলম্বন করেছে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ওই ৫ জন মহিলাকে এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। একইসঙ্গে, তাদের নিরাপত্তার বিষয়টির ওপরও নজর দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। সূত্র: আনন্দবাজার
