দেশের নয়টি গবেষণাগারে ও দক্ষিণ কোরিয়ায় নিজেদের একটি সামরিক ঘাঁটিতে ভুল করে অ্যানথ্রাক্স জীবাণুর নমুনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগনের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রাক্স জীবাণুর সম্ভাব্য সংস্পর্শের আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটির ২২ জন সামরিক সদস্যকে সংক্রমণবিরোধী চিকিত্সা দেয়া হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে চার বেসামরিক ব্যক্তিকে একই কারণে চিকিত্সা দেয়া হচ্ছে।
উতাহ রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গবেষণাগার থেকে ‘অসচেতনাবশত’ নমুনাগুলো পাঠানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ঘাঁটিতে ‘একটি প্রশিক্ষণ চলাকালে’ ঐ সেনারা পাঠানো অ্যানথ্রাক্সের জীবাণুর সংস্পর্শে এসে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কারো শরীরে সংক্রমণের ‘কোনো লক্ষণ’ প্রকাশ পায়নি। তারপরও সবাইকে ‘পরীক্ষা, জীবাণুনিরোধক এবং কয়েকজনকে টিকা দিয়ে উপযুক্ত পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা’ নেয়া হয়েছে। সূত্র: বিবিসি।
