‘আমাদের মিশনের প্রধান লক্ষ্য হলো—বাশার আল-আসাদের সরকারকে উত্খাত করা। তবে পশ্চিমাদের বিষয়ে আমাদের কোনো এজেন্ডা নেই, যদি না তারা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড চালায়।’ এক বিশেষ সাক্ষাত্কারে সিরিয়ার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গ্রুপ আল নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল-গোলানি এসব কথা বলেছেন। খবর আল জাজিরার।
গোলানি বলেন, ‘আমরা শুধু আমাদের মিশন বাস্তবায়নের জন্য এখানে আছি। এখানকার শাসক এবং তাদের সহায়তাকারী হিজবুল্লাহ ও অন্যান্যদের বিরুদ্ধে লড়াই করছি। পশ্চিমাদের ওপর হামলা চালানোর কোনো ধরনের পরিকল্পনা বা নির্দেশনা আমাদের দলের নেই। যুক্তরাষ্ট্র বা ইউরোপে হামলা চালাতে সিরিয়াকে ব্যবহার না করার পরিষ্কার নির্দেশ রয়েছে আমাদের। আমাদের লক্ষ্য শুধু আসাদ সরকারকে হটাতে মিশনকে কার্যকর করা।’
আবু মোহাম্মদ আল-গোলানি বলেন, ‘মার্কিনরা যদি সিরিয়ায় আমাদের ওপর হামলা অব্যাহত রাখে, তবে আমেরিকানদের ওপর হামলা চালানোর পথ আমরা উন্মুক্ত রাখব। কেননা, প্রত্যেকেরই নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। তবে তার বক্তব্য যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।’
