সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানসংক্রান্ত আইন (এএফএসপিএ) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ত্রিপুরা। এই আইনের ফলে ভারতের সেনাবাহিনী অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। বুধবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রদেশটির মুখ্যমন্ত্রী মানিক সরকার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর এনডিটিভি’র।
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আমরা প্রতি ছয়মাস অন্তর প্রদেশের অস্থিতিশীল এলাকাগুলো পর্যালোচনা করে দেখেছি। এ ইস্যু নিয়ে প্রাদেশিক পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সাথে কথা বলেছি। তারা আমাদের বলেছেন, এখানে এখন চরমপন্থী তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে, তাই এ ধরনের আইনের কোন প্রয়োজনীয়তা তারা দেখছেন না- জানান মুখ্যমন্ত্রী।
এদিকে ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বার্তায় লিখেছেন, এএফএসপিএ প্রত্যাহার মানবতার জন্য জয়। এ আইন উত্তর-পূর্বাঞ্চলীয় আরো চারটি প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে প্রয়োগ করা হয়েছে। তবে কেন্দ্রের অনুমতি ছাড়াই এ আইনের প্রয়োগ থেকে সরে আসতে পারবে যেকোনো প্রদেশ।
এ আইনের আওতায় সেনাবাহিনী অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সহিংসতা পূর্ণ এলাকায় তারা প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে পারবে, যে কাউকে হত্যা, কোন ধরনের বিচার ও পরোয়ানা ছাড়াই সন্দেহপূর্বক কাউকে আটক করা এবং জেল হাজতে রাখতে পারবে।
