৮০ কোটির নিচে ক্ষুধার্ত মানুষের সংখ্যা

আপডেট : ২৮ মে ২০১৫, ২১:৩১
 
সারা বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা প্রথমবারের মতো ৮০ কোটির নীচে নেমে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)।
 
এফএও বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ পরিসংখ্যান উল্লেখ করে বলেছে, জাতিসংঘ ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা গণনা শুরু করার পর প্রথমবারের মতো এ সংখ্যা ৮০ কোটির নীচে নেমেছে।
 
রোম ভিত্তিক সংস্থাটি জানায়, বর্তমানে সারাবিশ্বে ৭৯ কোটি ৫০ লাখ লোক ক্ষুধার কষ্টে ভুগছে। এ সংখ্যা ১৯৯০-৯২ সময়ের চেয়ে ২১ কোটি ৬০ লাখ কম।
 
সংস্থাটির আশা, আজকের তরুণ প্রজন্ম তাদের জীবৎকালেই এ সমস্যা নির্মূল হতে দেখবে।
 
সংস্থার প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল বিশ্বে অপুষ্টির হার কমে ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। সিকি শতাব্দী আগে এ হার ছিল ২৩ দশমিক ৩ শতাংশ। সূত্র: এএফপি