ভারতে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। সারা দেশে এ পর্যন্ত মারা গেছে ১৪১২ জন। কেবল অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে এক দিনে ২১৮ জনেরও বেশি মারা গেছে। এনিয়ে এ দুটি রাজ্যেই তাপদাহে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪৫ জনে। তাপদাহে যারা মারা গেছে তাদের অধিকাংশই বয়স্ক কিংবা শ্রমিক। হিটস্ট্রোক কিংবা পানিশূন্যতায় তাদের মৃত্যু ঘটছে।
তেলেঙ্গানায় গত ২৪ ঘন্টার ঘন্টার ব্যবধানে ৯৭ জন মারা গেছে। এনিয়ে এ রাজ্যে মোট মারা গেলো ৩৪০ জন। সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বুধবার অন্ধ্র প্রদেশের গুনটুর জেলার যজ্ঞমহেশওয়ারাপুরামে। এছাড়া বিজয়ওয়ারা, বাপাতল্লা ও মছলিপত্তনামে তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানায় নলগুন্ডা ও খাম্মামে বুধবার সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্ধ্র প্রদেশে বুধবার ১২১ জনেরও বেশি প্রাণ হারায়। এনিয়ে এই রাজ্যে তাপদাহে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫ জনে। পথচারীদের খাবার পানি সরবরাহ করতে অন্ধ্রপ্রদেশে পুলিশ বিভাগ প্রতিটি পুলিশ স্টেশনে পানি সরবরাহ কেন্দ্র খুলেছে। তারা পথচারীদের পানি সরবরাহ করছে।
অন্ধ্র প্রদেশ সরকার প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ১ লাখ রুপী ক্ষতিপূরণ ঘোষণা করেছে। দেশটিতে মৃত্যুর মিছিলে প্রতিদিনই নতুন সংখ্যা এসে যুক্ত হচ্ছে। সারা ভারতের আনাচে কানাচে সব জায়গাতেই তাপদাহের শিকার হচ্ছে বহু মানুষ। আহমেদাবাদ সরকার জানিয়েছে, আগামী সাত দিনেও তাপমাত্রা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
