ভারতে এক সপ্তাহ ধরে চলা দাবদাহে মৃতের সংখ্যা গতকাল শুক্রবার দাঁড়িয়েছে ১৮২৬ জনে। এদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ এবং শ্রমিক শ্রেণির মানুষ। কেবল বৃহস্পতিবারই মারা গেছে একশ’ জনের বেশি। দাবদাহের কারণে অনেক গ্রামের বাসিন্দা পানির সংকটে ভুগছেন। তারা নদীর তীরে গিয়ে গর্ত খুঁড়ে পানি আনার চেষ্টা চালাচ্ছেন। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, তীব্র দাবদাহ আরো দুই দিন পর্যন্ত চলবে। রোদের তাপ চরম মাত্রায় পৌঁছেছে বলেও উল্লেখ করা হয়। যদিও কিছু কিছু এলাকায় গতকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি নেমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কেরালায়ও এই তাপমাত্রা দেখা যেতে পারে। দক্ষিণে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় মৃতের সংখ্যা অধিকাংশই হিটস্ট্রোক এবং শরীরে পানির স্বল্পতার কারণে ঘটেছে। বৃহস্পতিবার ওই প্রদেশ দুটিতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দেশটির পানি অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মহারাষ্ট্র প্রদেশের ৪ হাজারেরও অধিক গ্রামে কয়েক হাজার পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে। অনেক গ্রামে দাবদাহে ক্ষেতের ফসল পুড়ে গেছে। অনেককে গাছের ছায়ার নিচে আশ্রয় নিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে গরমের কারণে নদীতে সাঁতার কেটে সময় কাটাচ্ছেন। তৃষ্ণা মেটাতে খাচ্ছেন পানি ও জুস। গত ১৮ মে থেকে দাবদাহ চলছে। এতে অন্ধ্রপ্রদেশেই মারা গেছে ১৩শ’র বেশি।
