খোলা হচ্ছে প্যারিসের ‘প্রেমতালা’

আপডেট : ৩১ মে ২০১৫, ০২:১৬

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সেতুতে দীর্ঘদিন ধরেই ভালোবাসার প্রতীক হিসাবে তালা লাগিয়ে আসছিলেন প্রেমিক-প্রেমিকারা। সেতুতে তালা মেরে চাবি ফেলে দেয়া হতো পানিতে, যেন কোনভাবেই এই ভালোবাসার বন্ধন খুলে না যায়। প্রেমিক যুগলের প্রেমের ভার সইতে পারলেও সমপ্রতি তালার ভার সইতে সমস্যা হচ্ছিলো সেতুটির। লাখ লাখ তালার ভারে ইতিমধ্যে সেতুর একপাশ দেবেও গেছে। তাই কর্তৃপক্ষ এবার তত্পর হয়েছে ‘প্রেমতালা’ খুলতে। বিশ্বব্যাপী প্রেমের রাজধানী হিসাবে পরিচিত প্যারিসের সাইন নদীর ওপর ‘পঁদে আর্টস’ সেতুতে লাগানো হতো এই ‘প্রেমতালা’। কর্মকর্তারা অনুমান করছেন সেতুটিতে যে দশ লক্ষাধিক তালা লাগানো হয়েছে তার ওজন ৪৫ টনের মতো। প্যারিসের বিখ্যাত নতরে ডেম গির্জার কাছের আরেকটি সেতু থেকেও খুলে ফেলা হবে সব তালা। কর্মকর্তারা জানান, দু’শ বছরের পুরনো ‘পঁদে আর্টস’ সেতুর রেলিং থেকে তালা সরিয়ে সেখানে প্রথমে বিভিন্ন চিত্রকর্ম দিয়ে ঢেকে দেয়া হবে। পরে অবশ্য সেখানে বসানো হবে স্থায়ী প্যানেল।-বিবিসি