যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের একটি মসজিদের সামনে ইসলাম বিরোধী বিক্ষোভ হয়েছে। মসজিদটির সামনে দুইশ'রও বেশি মানুষ এসময় ইসলাম ও ইসলাম ধর্মের প্রবর্তক নবী বিরোধী শ্লোগান দেয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামিক কমিউনিটি সেন্টার ও মসজিদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই সশস্ত্র ছিলেন।
তবে এই বিক্ষোভের পাল্টা হিসেবে পাশেই আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভে তারা ‘নাৎসিরা, বাড়িতে চলে যাও’ বলে স্লোগান দেয়।
IMG0
কয়েক সপ্তাহ আগে অ্যারিজোনার প্রতিবেশী রাজ্য টেক্সাসে মুসলিমবিরোধী এক কার্টুন প্রদর্শনীতে হামলাকারী দুই বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়।
এর আগে অস্ট্রেলিয়াতেও 'রিক্লেইম অস্ট্রেলিয়া' নামের একটি সংগঠনের ডাকে দেশজুড়ে ইসলাম বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। বিক্ষোভকারীদের ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে মেলবোর্নে পাল্টা বিক্ষোভ করেছিল সংগঠনটির বিরোধীরা। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।
