ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফরে যাবেন নরেন্দ্র মোদী। তারিখ এখনো ঠিক না হলেও, এবছরই তিনি এই সফরে যাবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপক্ষেরই সুবিধাজনক কোন সময়ে এই সফর হবে বলে তিনি জানান। খবর- টাইমস অব ইন্ডিয়ার।
১৯৫০ সালে ইসরাইলকে ভারত স্বীকৃতি দিলেও ১৯৯২ সালে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। গত কয়েক বছরে এই ইহুদি রাষ্ট্রটির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত ব্যাপারে দ্বিপাক্ষিক সহযোগিতাকে কেন্দ্র করে ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।
সুষমা স্বরাজ আরো জানিয়েছেন, তিনি এবছর ফিলিস্তিন ও জর্ডানের সাথে ইসরাইলও সফর করবেন।
এখন পর্যন্ত ভারতের কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ইসরাইল সফর করেননি। ২০০৩ সালে এরিয়্যাল শ্যারন প্রথম ইসরাইলী প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়েছিলেন।
