চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন এই আইন।
বিবিসি জানিয়েছে, রেস্তোরায়, কোনো অফিসে বা যানবাহনে ধূমপান করা যাবে না। ধূমপান করলে দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এ অপরাধে তাকে ২০০ ইউয়ান জরিমানা দিতে হবে।
চীনা আইনপ্রণেতারা ২০১৪ সালের নভেম্বরে আইনটি অনুমোদন করলেও কার্যকর হচ্ছে ২০১৫ সালের ১ জুন থেকে।
অপরদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আইন কার্যকরের ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানকে ১০ হাজার ইউয়ান জরিমানা করা হবে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে কয়েক হাজার পরিদর্শক নগরিটিতে মোতায়েন করা হবে।
চীনে ৩০ কোটিরও বেশি ধূমপায়ী আছেন। দেশটিতে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়।
আইনটি বেইজিংয়ে কার্যকর হওয়ার আগে থেকেই চীনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ছিল, কিন্তু তদারকির অভাবে আইনটির তেমন প্রয়োগ নেই।
দেশজুড়ে সব হোটেল-রেস্তোরাসহ প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে ২০১১ সালে একটি গাইডলাইন প্রকাশ করেছিল দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। কিন্তু ইচ্ছা হলেই যেখানে-সেখানে সিগারেট ধরানো চীনা ধূমপায়ীদের বেপরোয়া মনোভাবের কারণে আইনটি কার্যকর করা যায়নি।
