ফোনে গোয়েন্দাগিরি বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

আপডেট : ০১ জুন ২০১৫, ১২:২৯
 
ফোনে আড়িপাতা সংক্রান্ত বর্তমান আইনের মেয়াদ বাড়াতে একমত হতে পারেনি যুক্ররাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) কে সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে ফোনে আড়ি পাততে অনুমতি দিয়েছিল দেশটির আইনসভা।
 
বর্তমান আইনটির মেয়াদ বাড়াতে একমত হতে না পারায় হোয়াইট হাউসের তরফ থেকে সমালোচনা করা হয়েছে। একে সিনেটের 'দায়িত্বজ্ঞানহীনতা' হিসেবেও আখ্যা দেয়া হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে।
 
'প্যাট্রিয়ট অ্যাক্ট' নামে পরিচিত এই আইনের মেয়াদ সোমবার স্থানীয় সময় রাত ১২টা থেকে শেষ হয়ে যাবে। ফলে ফোনে আড়ি পাতার বৈধতা হারাবে এনএসএ। তবে আরেকটি আইন যা সামনের সপ্তাহে পাশ করার জন্য উত্থাপন করা হবে সেখানে আবারো ফোনে আড়ি পাতাকে বৈধতা দেয়া হতে পারে। সূত্র: বিবিসি