মহীশুরের নতুন রাজা ইয়াদুভির

আপডেট : ০১ জুন ২০১৫, ১৪:৩০
 
৬০০ বছরের ঐতিহ্য অনুযায়ী ভারতের মহীশুরের ওয়াদিয়ার রাজবংশের নতুন মহারাজা নির্বাচিত হয়েছেন ইয়াদুভির কৃষ্ণাদত্ত চামারাজা। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই ঘণ্টার অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পড়িয়ে দেয়া হয় ইয়াদুভির। তার পিতামহের ভাই শ্রীকান্ত দত্ত নরসিমহারাজা ওয়াদিয়ার উত্তরসূরী হিসাবে তিনি এই দায়িত্ব পেলেন।
 
কোন সন্তান না রেখেই ২০১৩ সালের ডিসেম্বরে মারা যান শ্রীকান্ত দত্ত নরসিমহারাজা। পরবর্তী উত্তরাধিকারী হিসাবে কাউকে মনোনীত করেও রেখে যাননি তিনি। তার স্ত্রী প্রামোদাদেবি ওয়াদিয়ার এই তরুণকে দত্তক হিসাবে গ্রহণ করে। এরপরে তাকে রাজবংশের নতুন কর্ণধার হিসাবে নির্বাচিত করা হয়।
 
অভিষেকের পর নতুন মহারাজার পুরো নাম হবে ইয়াদুভির কৃষ্ণদত্ত চামারাজা ওয়াদিয়ার।
 
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহীশুরের পনেরোটি মন্দিরের ৪০ জনের বেশি পুরোহিত। ভারত আর বিদেশ থেকেও অনেক অতিথি অভিষেক অনুষ্ঠানে অংশ নেন।
 
নতুন মহারাজা এখন দে হাজার একর ভূমির তত্ত্বাবধায়ক হলেন। পাশাপাশি রাজপ্রাসাদের মালিকানা নিয়ে কর্ণাটক সরকারের সঙ্গে চলমান বিবাদের অংশীদার হলেন তিনি।
 
ইতিহাসবিদদের অনেকে এই রাজবংশকে ইংল্যান্ডের রাজবংশের ঐতিহ্যের সাথে তুলনা করে থাকেন।
 
ভারতের স্বাধীনতার পর আনুষ্ঠানিকভাবে রাজাদের আর কোন ক্ষমতা নেই। তবে এখনো এসব পরিবারের অনেক সম্পদ এবং প্রভার রয়েছে। সূত্র: বিবিসি।