ভারতে ম্যাগি বিতর্ক: অন্যান্য রাজ্যেও পরীক্ষা করা হচ্ছে

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৩:০৩
 
ভারতের উত্তর প্রদেশে ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলসে উচ্চ মাত্রার সীসা পাওয়ার অভিযোগ ওঠার পর দেশটির আরো কয়েকটি রাজ্যে পরীক্ষা করা হচ্ছে। বুধবার জি-নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি সরকার খাদ্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক আহ্বান করেছেন। এরপর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইন। তিনি বলেছেন, খাদ্যে দূষণ কোনোভখাবেই সহ্য করা হবে না।
 
ভারতের হিমাচল প্রদেশ ও তামিলনারু সরকার ম্যাগির পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার রাজ্য থেকে ম্যাগির বিভিন্ন ব্যাচের ২২টি নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার ও পাঞ্জাবেও ম্যাগির পণ্য পরীক্ষা করতে বলা হয়েছে।
 
এদিকে ম্যাগি নুডুলসের বিতর্কের জেরে আজ দিল্লি সরকার  নেসলে ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন।  সূত্র: জি-নিউজ ও এনডিটিভি।