অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা করুন: মোদীকে তরুণ গগৈ

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৪:০৫
 
আসন্ন ঢাকা সফরে বাংলাদেশের সঙ্গে অনুপ্রবেশ সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন দেশটির আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসবেন মোদী।
 
১৯৮৫ সালে বিশেষ ট্রাইব্যুনাল ঘোষিত বাংলাদেশ থেকে আসা ৩৮ হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে বিতাড়িত করার বিষয়েও সিদ্ধান্ত নেয়ার জন্য এক বিবৃতিতে মোদীকে অনুরোধ করেছেন তরুণ গগৈ।
 
মোদী ক্ষমতায় আসার আগে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ভারত থেকে বিতাড়নের যে বক্তব্য দিয়েছিলেন, তাকে স্বাগত জানিয়েছিলেন গগৈ। নিজ রাজ্য আসাম থেকে বাংলাদেশি অভিবাসীদের বিতাড়নের প্রক্রিয়াও শুরু করেছিলেন তিনি। কিন্তু, ক্ষমতায় আসার পর মোদীর পদক্ষেপে সন্তুষ্ট নন আসামের মুখ্যমন্ত্রী।
 
একই বিবৃতিতে, আসাম ও বাংলাদেশের অদূরবর্তী ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে পানি সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে প্রসারে রেল যোগাযোগ স্থাপনের বিষয়েও ব্যবস্থা নেয়ার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী।
 
উল্লেখ্য, এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে সঙ্গী ছিলেন তরুণ গগৈ। এবার মোদীর সঙ্গে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসার কথা থাকলেও তিনি আসছেন না।
 

খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।